ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা

রাঙামাটিতে টানা চার দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি, বিলাইছড়ি উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত কমলেও প্লাবিত এলাকার সংখ্যা বাড়ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চার দিন পর দেখা মিলেছে রোদের।

বাঘাইছড়ি পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ও ইউনিয়নে বসতঘর বন্যার পানিতে ডুবে আছে। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। অনেকেই গরু-ছাগল নিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন।

বিলাইছড়ির ফারুয়া বাজার ও কিছু গ্রাম পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এ ছাড়া খাগড়াছড়ির মহালছড়ি সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান জানান, বাঘাইছড়িতে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে। পৌরসভায় তিনটিসহ উপজেলায় মোট ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে প্রায় এক হাজার ২৭২ জন অবস্থান করছেন। 

জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় মোট ১৪০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে মোট ৪ হাজার ১৬৬ জন অবস্থান করছেন। আর চলমান ভারী বর্ষণে জেলায় ছোট-বড় মোট ৯৭ স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এর মধ্যে কাপ্তাইয়ে ১৫, সরদে ১০, কাউখালীতে ৩০, বাঘাইছড়িতে ৩, নানিয়ারচর ২ ও বিলাইছড়ি ৩৭টি ধসের ঘটনা ঘটেছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।