বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এখনও সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ আছে।

রবিবার (৫ জুলাই) সকাল থেকে লাগাতার টানা বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ ছাড়া বাজালিয়ার বুড়ির দোকান এলাকায় প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এ জন্য সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আজ সকাল থেকে বৃষ্টিপাত কম হওয়ায় বন্যার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দূরপাল্লার যাত্রী, পর্যটক ও পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে অতি প্রয়োজনে যাত্রীরা পানি ভেতর দিয়েই রিকশা-ভ্যান কিংবা নৌকা দিয়ে পার হয়ে অপর পাড়ে গিয়ে চলাচল করছেন।

সড়ক ও জনপথের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী অং সুই প্রু মারমা বলেন, ‘বৃষ্টি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে।’

বান্দরবান জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং এবং সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।’