আজ রবিবার কক্সবাজারের মহেশখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেড় ঘণ্টার সফরে মহেশখালীর অন্যতম মেগাপ্রকল্প মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-০১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত ৪ আগস্ট জারি করা সর্বশেষ সরকারিপত্রে সফরের বিষয়ে বিস্তারিত তথ্য জানা গেছে।
কোনও জনসভা বা এ ধরনের কর্মসূচি না থাকলেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে কক্সবাজারের স্থানীয় প্রশাসন এবং দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি কোনো জনসভা নয়, সম্পূর্ণ অফিশিয়াল ভিজিট। তবে প্রধানমন্ত্রীর আগমনে মানুষের মধ্য আগ্রহ দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, টেকসই বেড়িবাঁধ ও কক্সবাজার-মহেশখালী সংযোগ সড়ক নির্মাণ।
কক্সবাজার জেলা প্রশাসক আবদুল মান্নান জানিয়েছেন, প্রধানমন্ত্রী সফর ঘিরে প্রশাসনিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সফরসূচি অনুযায়ী, রবিবার (৯ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে তিনি মহেশখালীর মাতারবাড়ীতে উপস্থিত হবেন। এরপর তিনি দেশের অর্থনীতির গেম-চেঞ্জার হিসেবে পরিচিত মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা)-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
এ সময় তিনি মেগাপ্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের সাথে মতবিনিময় করবেন। দুপুর ১২টায় তিনি হেলিকপ্টারে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের উদ্দেশ্যে যাত্রা করবেন।