এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের মাত্র একদিন আগে না ফেরার দেশে চলে গেলো হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় রোববার (৯ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।
এর একদিন পর সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল। সেই ফলে বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে রেজা। যে ফলাফলের অপেক্ষায় ছিল পুরো পরিবার, সেটি প্রকাশ হলো তার মৃত্যুর পরদিন। ফল দেখে আনন্দ করার বদলে তাই সন্তান হারানোর বেদনায় কাঁদছে পরিবার।
কাজী রেজা বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয় রেজা। দ্রুত তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রেজার পরিবার ও স্বজনরা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিল পুরো পরিবার। পরীক্ষার পর ফলাফল নিয়ে নানা প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ফল প্রকাশের মাত্র একদিন আগে রেজার আকস্মিক মৃত্যুতে সেই অপেক্ষা পরিণত হয় শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনরা।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, রেজা বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জীবিত থাকলে যে ফলাফল হাতে নিয়ে আনন্দ করার কথা ছিল তার, সেই ফলই এলো তার মৃত্যুর পরদিন।
সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, ‘কাজী রেজা বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। ফলাফল প্রকাশের একদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যায় তার মৃত্যু হয়। আজ ফলাফল প্রকাশ হয়েছে। সে বিজ্ঞান বিভাগ থেকে ৪ দশমিক ১১ জিপিএ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। আজ বেঁচে থাকলে হয়তো ফলাফল জেনে সে অনেক আনন্দিত হতো।’
রেজার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। ফল প্রকাশের দিনে রেজার সাফল্যের খবর এলেও সেই সাফল্যের আনন্দ আর ছুঁতে পারলো না তাকে। যে ফলাফলের অপেক্ষায় ছিল সে নিজেই, সেই ফল হাতে পাওয়ার আগেই থেমে গেল তার জীবনের পথচলা।