‘আ. লীগের দুর্বৃত্তরা ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, আমরা বলেছিলাম, আমাদের কাছে সবাই নিরাপদ। কিন্তু যারা বিএনপির নেতাকর্মীদের হাত-পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, রাজনৈতিক কারণে বাস্তুচ্যুত করেছে এবং জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে, তারা নিরাপদ থাকবে না। তাদের জায়গা হবে জেলখানায়। এসব দুর্বৃত্ত ছাড়া সবাই আমাদের কাছে নিরাপদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলা শহরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।

নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের রয়েছে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্য। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগবিরোধী আন্দোলনের শুরু থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন পর্যন্ত রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে সংগঠনটি।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না এমন প্রত্যয় নিয়েই যুবদল রাজপথে আন্দোলন করেছে। সে সময় দেশের অনেক যুবক নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। আন্দোলন-সংগ্রামে তাদের অংশগ্রহণ ছিল না। সরকারের বৈষম্য ও ফ্যাসিবাদী শাসন মানুষের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসলেও অনেকে তা নিয়ে মাথা ঘামাননি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে যুবদল ও বিএনপির নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে অনেক তরুণ ও নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়েছেন। আন্দোলনে অনেকে প্রাণ হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, আবার কেউ হারিয়েছেন দৃষ্টিশক্তি। অনেকের হাত-পা কেটে নেওয়াসহ নানাভাবে নির্যাতন করা হয়েছে।

সমাবেশে নেতাকর্মীদের মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গ এড়িয়ে চলার আহ্বান জানান যুবদলের সাধারণ সম্পাদক। একই সঙ্গে মাদক ব্যবসায়ীদের আইনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ ছাড়া চরফ্যাশন ও মনপুরা উপজেলার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল। এতে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ স্থানীয় নেতারা।