৬ জেব্রার বিনিময়ে ৩ বাঘ পেলো সাফারি পার্ক

প্রাণী বিনিময়ের মাধ্যমে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বিনিময়ে সাফারি পার্ক থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ছয়টি জেব্রা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে তিনটি জেব্রা ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি পর্যায়ক্রমে পাঠানো হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থায় পরিবহনের পর বাঘ তিনটি গাজীপুর সাফারি পার্কে পৌঁছায়। এর আগে বুধবার রাতে একটি বিশেষায়িত ট্রাকে করে ছয়টি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, পার্ক প্রতিষ্ঠার পর আমদানি করে বেশ কয়েকটি বাঘ আনা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন রোগে কিছু বাঘের মৃত্যু হয়, আবার নতুন বাঘের জন্মও হয়েছে। এ ছাড়া পার্কের টাইগার বেষ্টনীতে থাকা কয়েকটি বাঘের বয়সও বেড়ে যাচ্ছিল। এ অবস্থায় নতুন বাঘ আনার প্রস্তুতি নিচ্ছিল পার্ক কর্তৃপক্ষ।

তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রয়োজনের তুলনায় বেশি বাঘ থাকলেও সেখানে জেব্রা ছিল না। অন্যদিকে গাজীপুর সাফারি পার্কে জেব্রার সংখ্যা তুলনামূলক বেশি। এ পরিস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাণী বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে বুধবার রাতে ছয়টি জেব্রা চট্টগ্রামে পাঠানো হয়। পরে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ গাজীপুর সাফারি পার্কে আনা হয়। শুক্রবার ভোরে বাঘগুলো পার্কে পৌঁছায়।

তারেক রহমান আরও জানান, তিনটি বাঘকে আপাতত আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। বাঘগুলো সুস্থ আছে এবং স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। নতুন বাঘ আসায় পার্কে দর্শনার্থীদের আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বাঘ তিনটি আসার পর সাফারি পার্কে মোট বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাঘ তিনটি পার্কে পৌঁছেছে। বর্তমানে তারা সুস্থ রয়েছে এবং নির্ধারিত সময়ে খাবার খাচ্ছে। বাঘগুলোকে বিশেষ যত্নে রাখা হচ্ছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, প্রাণী বিনিময়ের অংশ হিসেবে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি বাঘ আনা হয়েছে। এর বিপরীতে গাজীপুর সাফারি পার্ক থেকে ছয়টি জেব্রা দেওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি পর্যায়ক্রমে দেওয়া হবে।

তিনি জানান, আনা তিনটি বাঘের বয়স তুলনামূলক কম। এর মধ্যে দুটি স্ত্রী ও একটি পুরুষ বাঘ। আপাতত বাঘগুলোকে আলাদা বেষ্টনীতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কয়েক দিনের মধ্যে সাফারি পার্কের কোর সাফারিতে দর্শনার্থীদের দেখার জন্য বাঘগুলো উন্মুক্ত করা হতে পারে।