ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
এর আগে, ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশার সৃষ্টি হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বেড়ে নদীতে দৃষ্টিসীমা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এতে ফেরি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম ফেরি চলাচল বন্ধ ও পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে নয়টি ফেরি নোঙর করে রাখা হয়। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খানজাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অবস্থান করছিল।
অন্যদিকে, দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করা ছিল। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।