ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালক নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলপার।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কাঁচপুরে স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম ইসমাইল (৪০)। আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী হানিফ বলেন, তিনি গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফিরছিলেন। পথে হঠাৎ একটি কাভার্ডভ্যানকে একটি ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ডভ্যানটি এঁকেবেঁকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনের অংশের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালকের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় আপাতত এর বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।