বরিশালে ৩ কেন্দ্র স্থগিত, উজিরপুরের ওসিকে নির্বাচনের দায়িত্ব থেকে অপসারণ

বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নে ৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অপসারণ, বিএনপি প্রার্থীর ভোট বর্জন ও ছাত্রলীগের পরিচয়দানকারী দুই যুবককে জাল ভোট দেওয়ার অপরাধে কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার এসব ঘটনা ঘটে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো, ডহরপারা সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়, বান্না ও বৈরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার জসিম উদ্দিন।

এদিকে উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ারকে নির্বাচনি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অনুরোধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার হালিম খান।

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জাল ভোট দেয়ার সময় ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ওই ওয়ার্ডের বৈকাঠি ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ছাত্রলীগ কর্মী পরিচয়দানকারী বাচ্চু মোল্লা ও আবু জাফর তালুকদার।

আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেন তিনি।

অপরদিকে বাকেরগঞ্জর দুর্গাপাশা ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন সিকদার বেলা ১১ টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। জাল ভোট, কেন্দ্র দখলের অভিযোগে তিনি এ ঘোষণা দিয়েছেন বলে বিএনপির প্রার্থী জানিয়েছেন ।

 /টিএন/

আরও পড়তে পারেন:

নির্বাচনবিধি ভঙ্গে চট্টগ্রামে আ.লীগ নেতা আটক