পিরোজপুরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আইন-আদালতপিরোজপুরের মঠবাড়িয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেনের বাড়ি মঠবাড়ীয়া উপজেলার পাঠাকাটা গ্রামে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

আদালতের নথি সূত্রে জানা গেছে, পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৮ সালের ২২ জুন রাতে আলমগীর হোসেন তার স্ত্রী হাফিজা বেগম (৩৫), ছেলে আশরাফুল (১১) ও মেয়ে জামিলাকে (৩) ঘুমের ওষুধ খাইয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। তারপর বাড়িতে ডাকাত পড়েছে বলে চিৎকার করতে থাকেন।  প্রতিবেশীরা এসে দেখতে পান তিনজনের লাশ বিছানায় পড়ে আছে। তিনি সবাইকে বলেন ডাকাতরা তাদের হত্যা করেছে।

পরে রাতেই নিহত হাফিজা বেগমের ভাই আবুল বাসার মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ ২৪ জুন আলমগীরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীরকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আলমগীর হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন।

আরও পড়ুন:
এক মাসের মাথায় বাবা হলেন নিহত এসি রবিউল

/বিটি/