হিজলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে মেঘনা নদীতে এক যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে। এতে বোন সুমাইয়া (১২) এবং ভাই রিমন (৮) নিখোঁজ হয়ে যায়। পরে শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, হিজলার মেমানিয়া ইউনিয়নের খাসেরচর গ্রামের লিটন সরদার, তার স্ত্রী ও ৩ সন্তানসহ পরিবারের ৯ সদস্যকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে একটি ট্রলারযোগে মেঘনা নদীর মৌলভীরহাট লঞ্চঘাটে আসে। সে সময় ঢাকাগামী এমভি আওলাদ-৪ লঞ্চটি ওই স্থানে ঘাট ছেড়ে যাওয়ায় তারা ট্রলার নিয়ে চলন্ত লঞ্চে ওঠার চেষ্টা করেন। এসময় লঞ্চের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
তখন ট্রলারের অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও লিটন সরদারের কন্যা সুমাইয়া ও পুত্র রিমন নিখোঁজ হয়। অনেক খোঁজার পর পুলিশ শুক্রবার বেলা সোয়া ১১টায় ঘটনাস্থল থেকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে উপজেলার পুরাতন হিজলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা এলাকায় মেঘনা নদী থেকে বোন সুমাইয়ার মরদেহ উদ্ধার করে। একঘণ্টা পর কাইসমা এলাকা থেকেই ভাই রাজিনের লাশও পুলিশ উদ্ধার করে। উভয়ের লাশই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এমও/