ভোলায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ভোলা

ভোলার চরফ্যাশনে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার কাঠপট্টি এলাকার হারুন মাস্টারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জালু মুন্সির ছেলে আব্বাছ (৩৪) এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মান্নান মিস্ত্রির ছেলে ইউছুফ (৩০)।

হারুন মাস্টারের বাড়ির পাহারাদার মোতালেব মোল্লা জানান, নির্মাণ শ্রমিক ইউছুফ ও আব্বাছ সকালে ট্যাংকের ঢাকনা খোলেন। পরে বালতিতে রশি বেঁধে জমে থাকা পানি ওঠান। এসময় কাজের ফাঁকে তিনি হোটেলে নাস্তা খেতে যান বলে জানান।

মোতালেব আরও জানান, ট্যাংকের ভেতরে লোক চিৎকার করছে -এমন খবরে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি ট্যাংকের ভেতরে উঁকি দিয়ে দেখেন তারা উপুড় হয়ে পড়ে আছেন। পরে খবর পেয়ে চরফ্যাশন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সিরাজ উদ্দিন বলেন, ‘হাসপাতালে আনার আগেই ইউছুফ ও আব্বাছে মৃত্যু হয়। ধারণা করছি, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।’

ওসি মো. এনামুল হক জানান, এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় লাশ দু’টি মৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।