পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে গৃহবধূর কব্জি কর্তন

পটুয়াখালীপটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গোলখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক গৃহবধূর ডান হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষরা। গৃহবধূর নাম আসমা বেগম (৩২)। সোমবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আজিজ সিকদার ও তার ছেলে আলামিনকে গ্রেফতার করেছে।

গৃহবধূর শাশুড়ি হোসনে আরা বেগম জানান, জমি নিয়ে তার ছেলে মো. সোহাগ ফরাজী ও স্ত্রী আসমা বেগমের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজ সিকদারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আসমার সঙ্গে আব্দুল আজিজের কথা কাটাকাটি হয়। পরেআজিজ এবং তার দুই ছেলে কবির ও আলামিন সোমবার রাতে আসমার ঘরে প্রবেশ করে। এ সময় কবির ধারালো অস্ত্র দিয়ে আসমার ডান হাতের কব্জি কেটে ফেলে। এ ঘটনার পর তারা দ্রুত পালিয়ে যায়। পরে আসমার চিৎকারে লোকজন এসে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি হোসনেয়ারা বেগম মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।