রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধনমানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সংগঠক বদরুদ্দোজা সৈকত। এতে বক্তব্য রাখেন- বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন, জেলা সংগঠক ডা. মনিষা চক্রবর্তী, রিয়াজুল হক সুমন, নিজামুল হক সাগর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদও নয়, সস্তাও নয়। বরং এতে আমাদের নিজস্ব প্রযুক্তি ব্যবস্থাপনা বা নিরাপত্তার ঝুঁকি রোধের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। পারমানবিক বর্জ্য, তেজষ্ক্রিয়তা-বিকিরণ থেকে পরিবেশ দূষণ ও মানুষের ক্যান্সারের ঝুঁকি বাড়বে।’

তারা আরও বলেন, ‘মানুষ ও প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে পারমানবিক বিদ্যুৎ কেন্দের প্রয়োজন আছে বলে সাধারণ মানুষ মনে করে না।’ এসময় তারা রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানান ।