পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

পিরোজপুরপিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা সড়কে টমটম উল্টে এর চালক জাকির হোসেন (৩০) নিহত হয়েছেন। রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাকির হোসেন আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আ. ছত্তার মিস্ত্রীর ছেলে।

এসআই  মাহফুজুর রহমান জানান, জাকির হোসেন রবিবার সন্ধ্যার দিকে টমটম চালিয়ে সাপলেজা থেকে আমড়াগাছিয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তার নীচে চাপা পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রবিবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ভান্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা প্রি-ক্যাডেটের সামনে  ইজিবাইকের চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান এ তথ্য জানান।

নিহত শিশু নদমুলা গ্রামের পিন্টু এদবরের মেয়ে এবং নদমুলা প্রি-ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী।  

এসআই মো. হাসান জানান, মঙ্গলিকা রবিবার সকাল ১০টার দিকে তার বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয়রা  তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ইজিবাইকের চালককে আটক করার জন্য অভিযান চলছে।