জানা যায়, বরগুনার মানুষের চাহিদার উপর ভিত্তি করে এই বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মিত হতে যাচ্ছে। বিদ্যুৎ উপকেন্দ্রটি ১৩২/৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন।
বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশের সব জায়গায় উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগের আবারও ক্ষমতায় আসা প্রয়োজন।’
পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, ওজোপাটিকোর মাধ্যমে বরগুনায় ১২২ কোটি টাকা ব্যয়ে আরও একটি সাবস্টেশন নির্মিত হবে সোনাখালী এলাকায়। সাবস্টেশন নির্মাণের জন্য কড়ইতলা মৌজায় জমি অধিগ্রহণের কাজ চলছে। একই সঙ্গে গ্রিড সাব-স্টেশন নির্মাণের পাশাপাশি আরও ৭৭ কোটি টাকা ব্যয়ে বাকেরগঞ্জ থেকে বরগুনা পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন টানা হবে।
বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রকল্প পরিচালক পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, বরগুনা জেলা পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম, বরগুনা জেলা আওয়ামীলীগের সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর কবির প্রমুখ।