বিসিসি'তে মেয়রের দায়িত্বে প্রথম নারী

সাময়িকভাবে মেয়রের দায়িত্বে নারী প্যানেল মেয়র শরীফ তাসলিমা কালাম পলিবরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ঘোষণার পর প্রথমবারের মতো ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে মেয়রের চেয়ারে বসলেন কোনও নারী। বিসিসি’র ১, ২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নির্বাচিত কাউন্সিলর এবং একমাত্র নারী প্যানেল মেয়র শরীফ তাসলিমা কালাম পলি মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে নগর ভবনে সাময়িকভাবে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মেয়র বিদেশ সফরে থাকার সময় এক সপ্তাহ তিনি এই দায়িত্ব পালন করবেন। 

দায়িত্ব গ্রহণের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহামুদ সিকদার, প্রশাসনিক কর্মকর্তা আসমা বেগমসহ বর্তমান পরিষদের ওয়ার্ড কাউন্সিলররা।

বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন হওয়ার পরে বিগত তিনটি পরিষদেই একজন করে নারীসহ মোট ৩ জন প্যানেল মেয়র ছিলেন। মেয়রদের অবর্তমানে সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং পুরুষ প্যানেল মেয়ররাই এ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। বঞ্চিত হয়েছেন নারী প্যানেল মেয়ররা।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, নির্বাচিত সিটি মেয়র আহসান হাবিব কামাল বিদেশ সফরে যাওয়ায় ১০ এপ্রিল থেকে ৭দিন ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিসি’র প্যানেল মেয়র শরীফ তাসলিমা কালাম পলি।

মেয়রের অবর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্ব তিন প্যানেল মেয়রের কাকে দেবেন তা একান্তই মেয়রের এখতিয়ার বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। রবিবার এক চিঠির মাধ্যমে নির্বাচিত সিটি মেয়র আহসান হাবিব কামাল তার অবর্তমানে তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিতে বলেন।

এ বিষয়ে শরীফ তাসলিমা কালাম পলি বলেন, ‘সিটি মেয়র আহসান হাবিব কামাল সরকারি সফরে থাইল্যান্ড যাচ্ছেন। এর ফলে তার অবর্তমানে মঙ্গলবার থেকে আগামী সপ্তাহের সোমবার পর্যন্ত আমাকে ভারপ্রাপ্ত মেয়র এর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা চেয়েছেন।’