মেহেন্দিগঞ্জে ১৬টি দোকান পুড়ে ছাই

01বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদরে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় জানান, আগুনে যে ১৬টি দোকন পুড়ে গেছে, সেই দোকান মালিকদের তালিকা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ১০ হাজার নগদ টাকা ও ১ মণ করে চাল দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পরিষদ থেকেও সহায়তা করা হবে।

02মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বঙ্কিম চন্দ্র হালদার জানান, খবর পেয়ে স্টেশনের সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হন। তবে বাতাসের কারণে আগুন যেমন ছড়িয়ে পড়েছিল তেমনি উৎসাহী জনতার কারণে কাজেও বিঘ্ন সৃষ্টি হয়। পরে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং মিষ্টির দোকানের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত ইউসুফ আলি জানান, বেলা সাড়ে ১২টার দিকে পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এরইমধ্যে ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়াসহ ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।