ঝালকাঠির নলছিটি উপজেলায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড়ে এক পথসভায় তারা আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, আজ কালিয়ার জোড়ে এক পথসভায় সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মাঝির নেতৃত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
যোগদানকারীদের মধ্যে মোহম্মদ মুজিবুর রহমান মাঝি ছাড়া আরও বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা হলেন– মোহাম্মদ জুলফিকার আলি, মোহাম্মদ মাজহারুল ইসলাম হিরন, মোহাম্মদ ওয়াজেদ আলি হাওলাদার, হাবিবুর রহমান খোন্দকার, আবদুর রব, মোহম্মদ হারুন অর রশিদ তালুকদার প্রমুখ।
পথসভায় উপস্থিত ছিলেন– নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, উপজেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক আলহাজ খান মনিরুজ্জামান বিপ্লব, যুবলীগ নেতা মহিউদ্দিন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন মাস্টার, ইউপি সচিব শফিকুর ইসলাম ইলিয়াস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাল রাজিব, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম মিথুন প্রমুখ।