শুক্রবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মুফতী ফয়জুল করিম ভোটারদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। এতে যদি কেউ বিঘ্নের চেষ্টা করে,তাদের সমুচিত জবাব দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, হাতপাখার নেতাকর্মীরা ইতোপূর্বেই তাদের জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছেন। যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্মীরা কাফনের কাপড় সঙ্গে নিয়ে কেন্দ্রে অবস্থান করবে।
তিনি আরও বলেন, ‘যদি আওয়ামী লীগের ভোট কারচুপি করার ইচ্ছা থাকে তবে নির্বাচন দেওয়ার কী প্রয়োজন ছিল। ঘোষণা দিয়ে আবারও ক্ষমতা গ্রহণ করলেই হতো। এসব আনুষ্ঠানিকতার কোনও প্রয়োজনই ছিল না। তাদের জেনে রাখার উচিত পৃথিবীতে কোনও জালিম শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পর বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং আওয়ামী লীগেরও সময় ফুরিয়ে আসছে। তাদের এখন সংযত হওয়া উচিত।’