না.গঞ্জ মহানগর আ.লীগের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে পুলিশের জিডি

 

 

নারায়ণগঞ্জ

সরকার ও প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুদ্ধে পুলিশ জিডি করেছে। শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাদী হয়ে এ জিডি করেন। শাহ নিজাম  মহানগর কমিউনিটি পুলিশেরও সাধারণ সম্পাদক।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৬ মার্চ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে শাহ নিজাম সরকার ও প্রশাসনকে নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন৷ বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য শামীম ওসমান নেতা থাকলে আর প্রশাসনের কোনও দরকার হয় না। এই ধরণের বক্তব্য সরকার ও দেশের আইনের শৃঙ্খলা পরিপন্থী। এই ধরনের কার্যক্রম আর হয় কিনা তা দেখার জন্য ভবিষ্যতে সর্তক দৃষ্টি রাখা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলার অতিরিক্তি পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই ঘটনায় জিডি হয়েছে। জিডির বিষয়টি তদন্ত করা হবে।

জিডির বিষয়ে জানতে চাইলে শাহ নিজাম বলেন, ‘বর্তমান সরকারের অংশ সংসদ সদস্য শামীম ওসমান। প্রশাসন সরকারের অংশ। শামীম ওসমান সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে জিহাদ ঘোষণা করেছেন। যেহেতু শামীম ওসমান জিহাদ ঘোষণা করেছেন তাই, আমার ওনার অনুসারী হয়ে কাজ করলে প্রশাসনের দরকার পড়বে না। প্রশাসনকে বিলুপ্ত করতে বলা হয় নাই, সাহায্য করতে বলেছি।’