রাজাপুরে ইভটিজিংয়ের দায়ে তরুণের ৬ মাসের কারাদণ্ড





মো. সাইদুল ইসলাম (মাঝে)ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং এর দায়ে মো. সাইদুল ইসলাম (১৮) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ড দেন। সাইদুল উপজেলার শুক্তাগড় এলাকার মো. আবুয়াল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাইদুল ঢাকায় থাকে। মাঝে মাঝে এলাকায় এসে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে। এমনকি তার কারণে ওই বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার সকালে বখাটে সাইদুল ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। নির্বাহী কর্মকর্তা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে উপস্থিত হন এবং উত্যক্তকারীর অভিভাবকদের ডেকে নিয়ে তাদের ছেলে সম্পর্কে সতর্ক করেন।

নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় ত্যাগ করলে বখাটে সাইদুল আবার বিদ্যালয় প্রধান শিক্ষককে মারার হুমকি দেয় ও বিদ্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় বিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় সাইদুলকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।