বরিশালে উত্তরপত্র পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ১৪ জন

বরিশাল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাশ করেছেন বরিশালের ৪২ জন পরীক্ষার্থী; যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। শনিবার (১ জুন) দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী আবেদন করেন। সবচেয়ে বেশি আবেদন পড়েছিল গণিত বিষয়ে। এর মধ্যে ১৩০ জনের জিপিএ পরিবর্তন হয়।

প্রসঙ্গত, ৬ মে এসএসসির প্রকাশিত ফলাফলে একহাজার ৪২৭টি স্কুল থেকে একলাখ ৬ হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৮২ হাজার ৫৩৫ জন এবং জিপিএ-৫ পায় ৪ হাজার ১৮৯ জন। পুনঃনিরীক্ষণে পাসের হার বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৫৭৭ জন এবং জিপিএ-৫ বেড়ে দাঁড়ালো ৪ হাজার ২০৩টিতে।