কেন্দ্রে প্রবেশের চেষ্টা করায় পরীক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ

পরীক্ষা না দিতে পারা পরীক্ষার্থীরা
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হতে না পারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পারেননি দুই শতাধিক প্রার্থী। বরিশাল সরকারি কলেজ কেন্দ্রের ওইসব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশের দাবি, নির্দিষ্ট সময়ে না আসায় তাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাঠিপেটা করা হয়নি।

জানা গেছে, শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর ৩২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। শর্ত অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ করার কথা প্রার্থীদের। বৈরী আবহাওয়ার কারণে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে দুই শতাধিক পরীক্ষার্থী সময়মতো আসতে পারেননি। পরে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে চাইলে দায়িত্বরত কর্মকর্তারা বাধা দেন। একপর্যায়ে প্রার্থীরা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের কেন্দ্র থেকে বের করে দেয়।

রিয়াজ, হাফিজা ও উর্মিসহ একাধিক প্রার্থী জানান, বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা শুরুর আধঘণ্টা আগে তারা কেন্দ্রে উপস্থিত হন। কিন্তু কর্মকর্তরা তাদের হলে প্রবেশ করতে দেননি। এ কারণে শুধু সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে পুনরায় পরীক্ষা গ্রহণ এবং অভিযুক্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানান তারা।

তমা ও জেসমিন জানান, নির্ধারিত সময়ের পর এক নারী প্রার্থীকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হলেও দুই শতাধিক পরীক্ষার্থীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে প্রশাসন। তাদের হলে ঢুকতে না দিয়ে উল্টো পুলিশ লাঠিপেটা করেছে।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বলেন, পরীক্ষা শুরুর একঘণ্টা আগে হলে প্রবেশের নিয়ম। কিছু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের পর এসে হলে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত কর্মকর্তারা তাদের ঢুকতে দেননি। এ নিয়ে প্রার্থীরা উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।