পটুয়াখালীতে মাদক মামলায় একজনের পাঁচ বছরের কারাদণ্ড

আদালত

পটুয়াখালীতে মাদক মামলায় একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেবিএম আরিফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১১ এপ্রিল রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে সদর উপজেলার ছোট আউলিয়াপুর গ্রামের প্যাদা বাড়ির সামনে থেকে ৫২ পিস ইয়াবাসহ আনোয়ার প্যাদাকে (৩৬) আটক করে র‍্যাব-৮। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হানিফ তদন্ত শেষে আনোয়ার প্যাদার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করেন। আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ ওই রায় দেন আদালত। আসামিপক্ষে অ্যাড. আ. জলিল টিটো মামলাটি পরিচালনা করেন।