মেয়ের আত্মহত্যার খবর শুনে মায়ের মৃত্যু

মেয়ে রেশমা আকতারমেয়ে রেশমা আকতারের আত্মহত্যার খবর শুনে স্ট্রোক করে মায়ের মৃত্যু হয়েছে। পিরোজপুরের ইন্দুরকানীর উত্তর বালিপাড়া গ্রামে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

রেশমার ভাবী শিল্পী আক্তার বলেন,  চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে রেশমার (১২) সঙ্গে একই গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে এক মাস আগে বিয়ে ঠিক হয়।  ছেলের পক্ষ থেকে তাকে আংটি পরিয়েছে। কিন্তু  রেশমা বিয়েতে রাজি না হওয়ায় পরিবারের সঙ্গে  প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার বিকালে মা মিনারা বেগম রেশমাকে মাঠ থেকে হাঁস আনতে বলেন। মায়ের কথা না শুনে রেশমা  ঘরে বসে থাকে। এ নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মা মেয়েকে মারে। পরে রেশমা ঘরে থাকা কীটনাশক পান করে। স্বজনরা টের পেয়ে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।  চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রেশমা মারা যায়। রেশমার মৃত্যুর খবর শুনেই তার মা মিনারা বেগম স্ট্রোক করেন এবং শুক্রবার সকালে মারা যায়।

ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন জানান, রেশমার লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে রয়েছে।