স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে দুই কিশোরকে কারাদণ্ড

 

রাজীব ফকির ও হাফিজুল হাওলাদারবরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে দুই কিশোরকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রামের রাজীব ফকির এবং একই গ্রামের হাফিজুল হাওলাদার।

আগৈলঝাড়া থানার এসআই নাসির উদ্দিন জানান, স্কুলে যাওয়া আসার পথে উপজেলার বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল রাজীব ও হাফিজুল। ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করলে, সোমবার সকালে স্কুলের পথ থেকে তাদের আটক করা হয়। দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস তাদের এক মাস করে কারাদণ্ড দেন। পরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।