হোম কোয়ারেন্টিনে না থাকায় স্বামী-স্ত্রীকে জরিমানা

বরিশালহোম কোয়ারেন্টিনে না থাকায় ব্রুনাই থেকে আসা খলিল হাওলাদার এবং তার স্ত্রী মনোয়ারা বেগমকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশালের আগৈলঝাড়ায় বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী রওশন ইসলাম বিদেশফেরত খলিল হাওলাদারের বাড়িতে যান।

উপজেলার রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের খলিল হাওলাদার (৫৫) ব্রুনাই থেকে ১৩ মার্চ দেশে ফেরেন। বিদেশফেরতদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা থাকলেও খলিল সরকারি নির্দেশনা অমান্য করে হাট-বাজারে ঘোরাফেরা করায় স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। পরে ইউএনও খলিল হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং বিদেশফেরত স্বামীকে আলাদাভাবে কোয়ারেন্টিনে না রাখার অপরাধে তার স্ত্রী মনোয়ারা বেগমকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও চৌধুরী রওশন ইসলাম বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইন প্রয়োগ করা হবে। কোনও গুজবে কান না দিয়ে বিদেশ থেকে আসা লোকজনকে প্রকাশ্যে দেখা গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেওয়ারও আহ্বান জানান তিনি।