সরকারি হাসপাতাল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার দায়ে ৭ জনের কারাদণ্ড

দালাল চক্রের সদস্যরাবরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের সঙ্গে প্রতারণা করে ফুসলিয়ে প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়ার দায়ে একটি দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করে এ দণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলো—মনিরুল ইসলাম, মো. বাবুল, সালাউদ্দিন, জহিরুল হক খান, সোনিয়া আক্তার, তানজিলা আক্তার ও আসমা বেগম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টিম শের-ই-বাংলা মেডিক্যালে এ অভিযান চালায়। আগে থেকে তাদের কাছে খবর ছিল যে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের নিয়োগ করা কিছু লোক সরকারি হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের ভুল বোঝাচ্ছে। ‘সরকারি হাসপাতালে সেবা নেই’—এমন মিথ্যা প্রচারণা চালিয়ে রোগীদের অন্যত্র সরিয়ে কমিশন পেয়ে থাকে তারা।

এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় তিন নারীসহ ৭ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তিন নারীর প্রত্যেককে ৭ দিন করে এবং পুরুষের একমাস করে কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।