হাঁস খেতে গিয়ে ধরা পড়লো ১২ হাত লম্বা অজগর

অজগরবরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামে হাঁসের খামার থেকে প্রায় ১২ হাত লম্বা একটি অজগর সাপ ধরেছে খামারি। সাপটি সোমবার (৫ অক্টোবর) সকালে ধরা পড়ে। পরে বিকালে উপজেলা বন কর্মকর্তার মাধ্যমে বন ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়।

খামারটির মালিক ওয়াসিম শিকদার জানান, তার খামারে হাঁস খাওয়ার উদ্দেশে সাপটি প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু খামারের চারদিক জাল দিয়ে ঘেরাও করা। অজগর সাপটি ওই জাল ভেদ করে আসতে চাইলে তার শরীর জালে পেঁচিয়ে যায়। খামারে খাবার দিতে এসে আমার চোখে বিষয়টি ধরা পড়ে। এরপর জাল কেটে সাপটিকে উদ্ধার করে সাংবাদিকদের খবর দিই।

উপজেলা বন কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটি দেখতে পাই। সাপটি প্রায় ১২ হাত লম্বা। এটি হাঁসের খামারে প্রবেশ করতে পারলে খামার মালিকের অনেক ক্ষতি হতো। সাপটি উন্মুক্ত করার জন্য বন ও প্রাণী সংরক্ষণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সাপটিকে বনে উন্মুক্ত করবে।