মামলার আসামিরা হলেন, নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার (সালমান), যুগ্ম সম্পাদক রাইসুল রবিন (রবিন প্যাদা), সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ দাস। মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুভ দাসকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কলেজশিক্ষক মামুন কবিরকে মোবাইল ফোনের মাধ্যমে শহরের স্টিমার ঘাট এলাকায় ডেকে নেয় পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার ও তার সঙ্গীরা। সেখানে ওই শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা। শিক্ষক মামুন কবির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। জীবন বাঁচতে ওই শিক্ষক ডাক-চিৎকার করলে আসামি রবিন প্যাদা তার মুখ চেপে ধরেন এবংশুভ দাস ও তানভীর হোসেন মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে শিক্ষক মাটিতে লুটিয়ে পড়লে তারা শিক্ষকের কাছে থাকা নগদ ১১ হাজার ৭০০ টাকা ও একটি বিদেশি ঘড়ি নিয়ে যায়। এরপর ওই শিক্ষককে নদীতে ফেলে দিতে চাইলে তিনি ফের ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নলছিটি পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, কলেজশিক্ষকের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।