‘উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে পুলিশের ভূমিকা অপরিসীম’

বরিশালের নবাগত পুলিশ সুপার মারুফ হোসেনজনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বরিশালের নবাগত পুলিশ সুপার মারুফ হোসেন। তিনি বলেন, ‘বঙ্গন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মুজিববর্ষের স্লোগান—পুলিশ হবে জনতার। এই স্লোগানকে সামনে রেখে পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। সরকারের ভিশন অনুযায়ী ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুলিশের ভূমিকা অপরিসীম।’

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার।

তিনি বলেন, ‘সাংবাদিকরা হলেন পুলিশের আয়না। পুলিশের সঙ্গে সাংবাদিকদের পেশাগত সুসম্পর্ক রাখতে হবে। তথ্য আদান-প্রদানের মাধ্যমে সমাজের অসঙ্গতি দূর করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে হবে।’ তিনি বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক ও মো. শাহজাহান, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ এবং রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপাতি সুশান্ত ঘোষসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিক, জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।