লেবুখালী ফেরিঘাটে বাসচাপায় পর্যটকের মৃত্যু

পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাটে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি বাসের চাপায় রিয়াদ (১৪) নামের একজন পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি গ্রামের আবু মোল্লার ছেলে এবং স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র।

রিয়াদের চাচা বাবু মোল্লা জানান, বৃহস্পতিবার মাদারীপুর থেকে মা-বাবা ও ভাই ইয়াদসহ কুয়াকাটায় বেড়াতে যায় রিয়াদ। রাতে কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে লেবুখালী ফেরিঘাটে পরিবহনের দীর্ঘ লাইন দেখে তারা গাড়ি থেকে বাইরে বের হন। এ সময় হঠাৎ পেছন থেকে কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি পরিবহন ফেরিতে ওঠার চেষ্টা করলে রিয়াদ চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী জানান, রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।