৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যাবজ্জীবন দণ্ড

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত মাদক ব্যবসায়ী মো. জামাল হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ডাদেশ দিয়েছেন। বুধবার (১০ মার্চ) এই আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।

মো. জামাল হাওলাদার ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার মিনহাজ হাওলাদারের ছেলে।

এ সময় জামিনে থাকা সাজাপ্রাপ্ত আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টায় জামাল হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে র‌্যাব-৮-এর ডিএডি নাদের আলী বাদী হয়ে ৯ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত কর্মকর্তা এসআই আ. বারেক ২৯ মার্চ ২০১২ আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ছয় জনের সাক্ষ্যগ্রহণ করেন। সরকার পক্ষে অতিরিক্ত পিপি আসম মোস্তাফিজুর রহমান ও আসামি পক্ষের আ. আলীম মামলা পরিচালনা করেন।