ইউএনওর বাসভবনে হামলায় দুই মামলা, প্রধান আসামি মেয়র

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে দফায় দফায় হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে কোতোয়ালি থানায় ইউএনও মুনিবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। একই থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ জালাল মল্লিক বাদী হয়ে অপর মামলাটি করেছেন। 

ইউএনও মুনিবুর রহমান বলেন, সরকারি বাসভবনে দফায় দফায় নেতাকর্মী নিয়ে হামলার ঘটনায় করা মামলায় মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। তার পাশাপাশি ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে। 

এসআই শাহ জালাল মল্লিক বলেন, পুলিশের মামলায় ৫৮ জনকে নামধারী ও অজ্ঞাত কয়েকশ জনকে আসামি করা হয়েছে। বেআইনিভাবে অস্ত্রশস্ত্র ও নেতাকর্মীদের নিয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গুলি ছোড়ার কথা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি মামলা পুলিশ করেছে। পুলিশের মামলায় মেয়র সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি হামলার ঘটনায় ইউএনও মুনিবুর রহমান আরেকটি মামলা করেছেন। এটিতেও মেয়রকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে ​আসামি করা হয়েছে। এরই মধ্যে দুই মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

ওসি আরও বলেন, ইউএনওর সরকারি বাসভবনে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তাদের দুই মামলায় গ্রেফতার দেখানো হবে।

ব্যানার-পোস্টার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর বাসভবনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় আনসার সদস্যরা গুলি চালান। হামলা ও সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ৩০ জন আহত হন।