জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বেগম খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকে বহন করতে হবে। জেল-জুলুম হতে পারে, কিন্তু চিকিৎসাও নাগরিক অধিকার।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে বরিশালের ডিসিঘাট এলাকার একটি রেস্তোরাঁয় ঝালকাঠি মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, যে মামলায় বেগম জিয়া শাস্তি হয়েছে, একই ধরনের মামলা সরকার প্রধানেরও ছিল। আইন সবার জন্য সমান। কিন্তু তাদের মামলাগুলো খারিজ করা হলো, আর বিএনপির মামলাগুলো বহাল থাকলো।
সম্মেলনে মতিয়া মাহফুজ জুয়েলকে সভাপতি ও এলিনা জামান লিজাকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা ঝালকাঠি মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে।
এ সময় কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, বরিশাল বিভাগীয় টিম লিডার ও কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী জেবা আমিন আল গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।