বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রানা দাস হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকালে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক টি এম মুসা আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের কালাচান শরীফের ছেলে সুলতান শরীফ ও মাতুরু ভক্তের ছেলে কার্তিক ভক্ত। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ জানুয়ারি বিকালে গৌরনদীর ক্যাডেট স্কুলের পাশের মাঠে ক্রিকেট খেলতে যায় রানা। সাড়ে ৫টার দিকে আসামিরা তাকে তুলে নিয়ে যায়। এরপর কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। ১৪ জানুয়ারি অপহরণ মামলা দায়ের করেন রানার বাবা কৃষ্ণ দাস। ১৮ জানুয়ারি রাত ১১টায় ডোবা থেকে রানার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ তদন্তে জানতে পারে, আসামিরা রানার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা শেষে ডোবায় ফেলে পালিয়ে যায়। ওই বছরের ৩১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই এনামুল হাসান আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে আদালতে চার্জশিট জমা দেন।
২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। আসামিরা পলাতক থাকায় রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।