নিখোঁজের পরদিন মাঠে পড়েছিল কৃষকের লাশ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নিখোঁজের পরদিন ঝন্টু রায় (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঝন্টু মোল্লাপাড়া গ্রামের মৃত জগদীশ রায়ের ছেলে।

তার ছেলে রাজু রায় জানান, বুধবার (৮ ডিসেম্বর) রাতে ঘর থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। এরপর বিভিন্ন জায়গায় ঝন্টুর খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। এ জন্য সারারাত পরিবারের কেউ ঘুমাতেও পারেনি। সকালে তাদের জমির আইলে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ঝন্টুর ছেলে রাজু বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।