মুরাদ হাসানের বিরুদ্ধে বরিশালে মামলার আবেদন

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগ আনা হয়েছে। সোমবার বেলা ১২টায় বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলার আবেদন করেন। 

মামলার আবেদনে অপর আসামি করা হয়েছে উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ ওরফে নাহিদ হেলালকে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১ ডিসেম্বর ডিজিটাল মিডিয়া উপস্থাপক দ্বিতীয় আসামি নাহিদ ১নং আসামি ডা. মুরাদের সাক্ষাৎকার গ্রহণ করেন। যা পরবর্তী সময়ে মুরাদ তার ভেরিফায়েড ফেসবুকে প্রকাশ করেন। এতে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্য দেওয়া হয়। যা যেকোনও নারীর জন্য মানিহানিকর ও বিদ্বেষমূলক। ওই বক্তব্য সিডি আকারে মামলার এজাহারের সঙ্গে জমা দেওয়া হয়।

আসামিদের বিরুদ্ধে এগারোটি কারণ উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দানের আবেদন জানানো হয় এজাহারে।

এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি ইশতিয়াক আহমেদ রুবেল বলেন, ‘বিচারক গোলাম ফারুক মামলার এজাহার গ্রহণ করে আদেশের জন্য রেখে দিয়েছেন।’