যুক্তরাজ্যের লন্ডনের রামসগেট শহরের মেয়র রৌশন আরা রহমানকে পিরোজপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার পক্ষ থেকে পৌর ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
পৌর মিলনায়তনে মেয়র মো. হাবিবুর রহমান মালেকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দেন রৌশন আরা রহমান, তার স্বামী রেজাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক কাজী মজিবর রহমান, পৌর কাউন্সিলর আবদুস সালাম, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
পিরোজপুর শহরের সিআইপাড়ার মো. রেজাউর রহমান জামানের স্ত্রী রৌশন আরা রহমান রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন। বুধবার তিনি পিরোজপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এলে তার সম্মানে পৌরসভা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। দুপুরে রৌশন আরা তার স্বামীকে নিয়ে পিরোজপুরে পৌঁছেন। শহরের সিআইপাড়া মহল্লায় তার শ্বশুরবাড়ি।
সংবর্ধনা অনুষ্ঠানে রৌশন আরা রহমান বলেন, ‘লন্ডনে গিয়ে পড়াশোনা শেষ করে আমি সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করেছি। নিজের মতো করে সামাজিক কাজ করার পর লেবার পার্টি আমাকে দলে টেনে নিয়েছে। ভালো কাজের জন্য নাগরিকদের ভোটে মেয়র নির্বাচিত হতে পেরেছি। তবে আমি বাঙালি। বাংলা আমার মাতৃভূমি। এই কথা সর্বদা মনে রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
রৌশন আরা রহমানের জন্ম সিংগাইর উপজেলার ইরতা কাশিমপুর কাঁঠালবাগান গ্রামে। তার বাবার নাম রজ্জব আলী। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে উচ্চশিক্ষা শেষ করে বিভিন্ন সামাজিক কাজে অংশ নেন। ২০১৯ সালে ইংল্যান্ডের রামসগেট সিটি নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৭ সালে লেবার পার্টির হয়ে নির্বাচনে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন রৌশন আরা ও তার স্বামী। আগামী শনিবার পর্যন্ত পারিবারিক ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারা। এরপর রবিবার হেলিকপ্টারে সিংগাইরে রৌশন আরা বাবার বাড়ি যাবেন।