বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার শ্রী বিক্রম কুমার দোরাই স্বামী বলেছেন, বরিশাল হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার। নৌ, স্থল এবং আকাশপথে সারাদেশের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে। পদ্মাসেতু চালু হওয়ার পর বরিশালের দূরত্ব কমবে, বাড়বে বাণিজ্যিক গুরুত্ব।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা স্মৃতি মিলনায়তনে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, লেখক ও সুশীল সমাজের নাগরিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাই কমিশনার বলেন, কবি জীবনানন্দ দাশ, শের-ই বাংলা এ কে ফজলুল হকসহ গুণীজনদের পূণ্যভূমি বরিশাল। বরিশাল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আমি খুব আনন্দিত। এবারে খুব অল্প সময়ের জন্য এলেও শিগগিরই আমি সময় নিয়ে বরিশালে আসবো।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সুশান্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন। উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের খুলনা অঞ্চলের সেকেন্ড সেক্রেটারি অসীম কুমার শান্ত্রা, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, সাংবাদিক অপূর্ব অপু, মঈনুল ইসলাম সবুজ ও শাওন খান।