নাইজেরিয়ার সঙ্গে মিল রেখে পটুয়াখালীর তিন গ্রামে আজ ঈদ

নাইজেরিয়া, সোমালিয়া ও আফগানিস্তানের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর তিন গ্রামের মানুষ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের দরবার শরিফের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি খলিশাখালী ও শিয়ালী গ্রামের মানুষও আজ ঈদ করছেন।

শনিবার (৩০ এপ্রিল) নাইজেরিয়া, সোমালিয়া ও আফগানিস্তানসহ সাত দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে ঈদ উদযাপন করা যায় যুক্তিতে ঈদুল ফিতর পালন করছেন বলে জানিয়েছেন দরবার শরিফের চান টুপির একাংশের অনুসারীরা। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত করা হয়। 

তবে পটুয়াখালী জেলায় কত হাজার মানুষ রবিবার ঈদ উদযাপন করছেন তা নিশ্চিত করতে পারেনি জেলা প্রশাসন। গত বছরও তারা দুদিন আগে ঈদ পালন করেছেন। 

বদরপুর দরবার শরিফের খাদেম মাওলানা শফিকুল ইসলাম গণি বলেন, ‌‌‘বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলে আমরা তার সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ পালন করি। শনিবার নাইজেরিয়া, সোমালিয়া ও আফগানিস্তানসহ সাত দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ ঈদ করছি। প্রায় ৮২ বছর ধরে আমরা এই নিয়ম অনুসরণ করছি।’

বদরপুর দরবার শরিফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, বিশ্বের সাত দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই আমরা ঈদুল 
ফিতর উদযাপন করছি। বদরপুর দরবার শরিফ মাঠে সকাল সাড়ে ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চাঁদ দেখা গেলেই প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি আমরা।