দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে ২৫ জুন। এ উপলক্ষে বরিশাল থেকে লক্ষাধিক মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। মঙ্গলবার (১৪ জুন) বিভাগের আওয়ামী লীগ নেতাদের মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। নগরীর একটি ক্লাবের হল রুমে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক এমপি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগের ছয় জেলার লক্ষাধিক নেতাকর্মী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে যোগ দেবেন। লঞ্চ নিয়ে সকাল ৯টার মধ্যে পদ্মা সেতু পাড় হয়ে সমাবেশস্থলে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এ সময় বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উদ্বোধনী অনুষ্ঠানের সমাবেশে যোগ দিতে যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত জানাতে সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর প্রতি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে পৌর মেয়র এবং প্রতিটি জেলার সভাপতি-সম্পাদকসহ উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন।