সাবেক সেনা কর্মকর্তা হাসিনুরের বিরুদ্ধে এবার বরিশালে মামলা

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের ফেসবুক পেজের অ্যাডমিনের বিরুদ্ধে বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মনিরুদ্দিন আহম্মেদ তারেক। হাসিনুর কুমিল্লার লাকসাম উপজেলার নাথের পাথুয়া বিনয়ঘর এলাকার গ্রীনউড তোফার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন বলেন, ‌‌‘আদালতের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপারকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন।’

বাদীপক্ষের আইনজীবী গোলাম সারওয়ার রাজীব বলেন, ‘হাসিনুর রহমান সাবেক সেনা কর্মকর্তা হওয়ার পরও রাষ্ট্র, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের বক্তব্য দিয়ে নেত্র নিউজের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন। নেত্র নিউজে রাষ্ট্র ও সরকার বিরোধী বিভিন্ন পোস্ট করার পর তা ভাইরাল হয়। মিথ্যা, মানহানিকর, আক্রমণাত্মক এই অপপ্রচারের কারণে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আসামি সরকারের উন্নয়নের গতিধারাকে ব্যাহত করতে এবং রাষ্ট্রের শান্তি বিনষ্টের উদ্দেশ্যে সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে আসছে। এমনকি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য সরকার বিরোধী লোকজনকে উৎসাহ ও উদ্দীপনা জোগাচ্ছে। তার এ ধরনের কর্মকাণ্ডে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলা অবনতি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।’

গত ২৪ আগস্ট দলীয় কার্যালয়ে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আসামির প্রচারিত অপপ্রচার দেখার পর নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মামলার সিদ্ধান্ত নেন বলে জানান বাদী। এ জন্য তার  প্রচারিত ভিডিওর লিংক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিন শট বিচারকের কাছে জমা দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার (২৪ আগস্ট) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাসিনুর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইলিয়াস আহমেদ। এরপর তার বিরুদ্ধে শুক্রবার (২৬ আগস্ট) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস কদ্দুস।