বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামে হিরালাল বৈদ্য নিহত হওয়ার ঘটনায় মা বাদী হয়ে বড় ছেলেকে আসামি করে মামলা করেছেন। ওই মামলায় বাবুরাম বৈদ্যকে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
গ্রেফতার বাবুরাম ওই গ্রামের সুনীল বৈদ্যের ছেলে। মামলার বাদী বাবুরাম ও হিরালালের মা নিনা বৈদ্য। মঙ্গলবার রাতে মামলা দায়েরের পরপরই বাবুরামকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি কামরুল ইসলাম।
প্রতিবেশীরা জানান, সোমবার ওই গ্রামের মন্দির থেকে দানবাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায় হিরালাল। এ ঘটনায় স্থানীয়রা তার বড় ভাই বাবুরাম বৈদ্যের কাছে নালিশ দেয়। এ নিয়ে মঙ্গলবার বিকালে ঘরের সামনে বাবুরামকে গালমন্দ করলে হিরালাল বড় ভাইকে চড় মারে। এরপর বাবুরামও ক্ষিপ্ত হয়ে হিরালালকে চড়-ঘুষি মারেন। এ সময় হিরালাল গাছের ওপর পড়ে যান। পরে তার নাক থেকে রক্ত ঝরতে থাকে। তখন স্বজনরা উজিরপুুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুুর থানার ওসি বলেন, ময়নাতদন্তের জন্য ওই রাতে বাড়ি থেকে হিরালালের লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। সকালে লাশ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গভীর রাতে নিহতের মা বাদী হয়ে ছেলে বাবুরামকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুরামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠান।