ভোলায় প্রস্তুত ৭৪৬ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় রবিবার সকাল থেকে বৈরী আবহাওয়া বিরাজ করেছে। ইতোমধ্যে জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। জেলায় মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ১৩ হাজার ৬৬০ জন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

জেলার ৭০টি ইউনিয়ন ও সাতটি উপজেলায় একটি করে মেডিক্যাল টিম গঠন করা হয়েছে এবং জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে উপকূলীয় জেলা ভোলাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলায় সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই সভায় জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।