প্রেমিকের বাড়িতে তৃতীয়বার অনশনে বসে একদিনের মাথায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। এর আগে তিনি ওই বাড়িতে অনশন করেছিলেন। ওই তরুণীর বাড়ী মাদারীপুরে। আর প্রেমিক হচ্ছে গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার সত্য নারায়ণ দত্তের ছেলে সঞ্জয় দত্ত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সঞ্জয়ের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। তরুণীর দাবি, সঞ্জয়ের সঙ্গে ১০ নভেম্বর সামাজিকভাবে বিয়ের চুক্তিপত্র হয়। কিন্তু সে অনুযায়ী সঞ্জয় কিছুই করেনি। উপরন্তু সঞ্জয় তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে। এ কারণে বুধবার রাতে ওই ঘরে এসে অনশন শুরু করেন। আজ আত্মহত্যার চেষ্টা চালান।
তিনি আরও দাবি করেন, ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর মেসেঞ্জারে চলতে থাকে বার্তা বিনিময়। সেখান থেকে প্রেম। গত ছয় মাস আগে প্রেমিক তার প্রেমিকার উপজেলায় যান এবং একটি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পরিয়ে বিয়ে করেন।
তরুণীর ভাই দাবি করেন, ফেসবুকে তাদের প্রেম হয়। একপর্যায়ে মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পরে তারা বিয়েও করে। গত ১৯ অক্টোবর স্ত্রীর দাবিতে সঞ্জয়ের বাড়িতে অনশন করে। পরে রেজিস্ট্রি বিয়ের জন্য সঞ্জয়ের কাছে প্রস্তাব করেন স্থানীয়রা। স্থানীয়দের প্রস্তাবে রাজি হয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে বিয়ের হলফনামা চুক্তিপত্রে স্বাক্ষরও করে সঞ্জয়। সাক্ষী হিসেবে স্থানীয় ১৫ ব্যক্তি ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এরপর সঞ্জয়ের বাড়ি থেকে চলে আসে বোন। চুক্তিপত্র অনুযায়ী বিয়ের দিন ধার্য ছিল গত ১০ নভেম্বর।
তিনি আরও দাবি করেন, সাথী ওই বাড়ি থেকে চলে যাওয়ার পর সঞ্জয় যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর পুনরায় সঞ্জয়ের বাড়িতে এসে অনশন শুরু করে বোন। এ সময় এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেওয়ার আশ্বাস দেয় সঞ্জয়ের পরিবার। সেই আশ্বাস পেয়ে পুনরায় বাড়ি ফিরে যায়। পরে এক সপ্তাহ পার হলেও সঞ্জয়ের পরিবার কোনও যোগাযোগ না করায় বুধবার রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয়ের বাড়িতে অনশন শুরু করে। আজ দুপুরে আত্মহত্যার চেষ্টা চালায়।
জানা গেছে, গত ২০ অক্টোবর থেকে একই দাবিতে সঞ্জয়ের বাড়িতে আরও দুইবার অনশন করেন ওই তরুণী। ওই সময় বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শেষবার স্ট্যাম্পে লিখিত পড়িত বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হলে তাও বাস্তবায়ন না করায় আত্মহত্যার চেষ্টা চালিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছে আত্মহত্যা চেষ্টা চালিয়েছে। তারা তরুণীকে উদ্ধার করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।