মালয়েশিয়া প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর সদস্যরা। ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর রুপাতলীতে র্যাব-৮ এর সদরদফতরে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব-৮ এর পরিচালক লে. কর্নেল মাহমুদুল হাসান। তিনি জানান, ১০ বছর ধরে মালয়েশিয়ায় থাকা দানেশ তিন মাস আগে দেশে আসেন। দেশে আসার পর থেকে শত্রুতার জেরে আসামিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এর রেশ ধরে ২৬ ডিসেম্বর শরীয়তপুর জেলার ঠাকুর কান্দী গ্রামের লোকমান আকনের বাড়ির সামনে আসামিরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দানেশকে। এই ঘটনায় নিহতের বাবা সোনা মিয়া ৫৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে ঢাকার শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শাহিন মোড়লকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আরও ১০ আসামিকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার আসামিদের শরীয়তপুর জেলার নড়িয়া থানায় হস্তান্তর করা হবে।