বরগুনায় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে মনোনয়নপত্র ছিনতাইয়ে অভিযোগ

ইউপি নির্বাচন-২০১৬বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বিএনপি প্রার্থী আবদুল আজিজ এই অভিযোগ করেছেন। একই অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাউসার ইকবাল মাহবুবও। ২২ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন।
দুই প্রার্থীর অভিযোগ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ভায়রা সিদ্দিকুর রহমানের সমর্থকরা এই কাজ করেছেন। এই করণে তারা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
তবে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন,আমি বা আমার কোনও কর্মী-সমর্থকরা এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়।
আবদুল আজিজ শরিফ অভিযোগ করে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় ১০-১২ জন যুবক তাকে আটকায়। যুবকরা তার হাতে থাকা মনোনয়ন ফরম নিয়ে যেতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকেরা তাকে মারধর করে। এ সময় তাকে রক্ষা করার জন্য তার ভাইয়ের ছেলে সোহেল ও বেয়াই সালাম শরিফ এগিয়ে এলে তাদেরকেও মারধর করে এবং মনোনয়ন ফরমটি ছিনিয়ে নিয়ে যায়। পরে তাদের আহতাবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাউসার ইকবাল মাহবুব অভিযোগ করেন, বিকেল পৌনে ৫টার দিকে তিনি দুই সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র ফরম জমা দিতে যাওয়ার সময় ইউএনও কার্যালয়ের মূল ফটকে তাদের আটকে মনোনয়নপত্রের ফরমটি ছিনিয়ে নেয় সিদ্দিকুর রহমানের সমর্থকরা।

বুড়িরচর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ সাংবাদিকদের বলেন, ‘আমার কার্যালয় বা আশপাশে এমন ঘটনা ঘটেনি। বাইরে ঘটে থাকলে সেটার দায়-দায়িত্ব তো আমাদের নয়। আমাদের কাছে যারা এসেছে আমরা তাদের মনোনয়নপত্র জমা নিয়েছি।

/জেবি/