বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

সড়ক দুর্ঘটনাবরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুরে এবং বরিশাল-উজিরপুর সড়কের দত্তসারে এ দুর্ঘটনা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, রবিবার বিকেল ৫টার দিকে বরিশাল থেকে উজিরপুরের সাতলাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন। তারা হলেন মো.শরীফের ছেলে হাসান (২২) এবং মৃত আকবার হাওলাদারের ছেলে ধামুরা মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. মোস্তফা (১৭)। উভয়ের বাড়ি উজিরপুরের উত্তর ধামুরা গ্রামে।
ওসি আরও জানান, নিহত মো. মোস্তফা উজিরপুরের ধামুরা কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়ে হাসানের সঙ্গে মোটরসাইকেলে সানুহার যাচ্ছিলেন। তার বাবা আকবার হাওলাদার তিন মাস আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিহতদের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে।

এদিকে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে আট  বছরের শিশু শর্বানী রায়।

বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করার চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/বিটি/এএইচ/